হঠাৎ বন্ধ মেট্রোরেল চলাচল!
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর কাপড় পড়ে প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৩ মিনিটের দিকে নিরাপত্তার কারণে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে কাপড়টি সরিয়ে বিকেল ৪টা ৫৮ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের এমআরটি লাইন-৬-এর উপপ্রকল্প পরিচালক (জনসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় মেট্রোরেলের ওপরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কাপড় পড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাপড়টি সরিয়ে ফেলার পর আবার ট্রেন চলাচল শুরু হয়।
এদিকে ওই সময়ে একটি ট্রেন চলাচল বন্ধ থাকায় মেট্রোরেলের অন্যান্য স্টেশনেও থাকা ট্রেনগুলোকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে থামিয়ে রাখা হয়। এতে বিভিন্ন স্টেশনে থাকা যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়েন। মেট্রোরেলের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গোষ্ঠীতে যাত্রীরা একাধিক স্টেশনে ট্রেন আটকে থাকার বিষয়টি জানান।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক লাইনের ওপর থেকে কাপড় সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে মেট্রোরেল স্বাভাবিক নিয়মেই চলাচল করছে।
এসি//