রাজধানী

রাজধানীতে আ.লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর লালমাটিয়া থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ার মিনা বাজারের সামনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আজিজুল হক আরজুর বয়স ৬৯ বছর। তিনি ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাবনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাড়ি পাবনার আমিনপুরের নাটিয়াবাড়ী এলাকায়।

পুলিশ জানায়, সোমবার রাতে মিনা বাজারের সামনে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করেন। পরে পুলিশের কাছে তুলে দেওয়া হয় তাকে। এ সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আহত হন।

মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, আজিজুল হক হৃদ্‌রোগে আক্রান্ত। গ্রেপ্তারের পর তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনা করে পুলিশি পাহারায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হক আরজুকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে যাচাই-বাছাই ও তদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন