ইরানের সঙ্গে সীমান্ত পারাপার বন্ধ করল ইরাক
সৌদি আরবে সাম্প্রতিক ড্রোন হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইরানের সঙ্গে শলামচেহ সীমান্ত পারাপার কেন্দ্র বন্ধ করে দিয়েছে ইরাক। শনিবার (১২ সেপ্টেম্বর) নিরাপত্তা সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে ড্রোন হামলার পর ইরাক সরকার শলামচেহ সীমান্ত পারাপার কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়। একই সঙ্গে হামলার জন্য দায়ীদের শনাক্ত করতে দেশটিতে বড় ধরনের অভিযান চলছে বলে জানিয়েছে সূত্রগুলো।
এর আগে শুক্রবার সৌদি আরব জানায়, ইরাক থেকে উৎক্ষেপণ করা ড্রোন দিয়ে দেশটির অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম পাইপলাইনে হামলা চালানো হয়েছে। হামলার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ এই তেল পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
হরমুজ প্রণালির ওপর তেল বাণিজ্যের চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই পাইপলাইনের। এমন সময়ে পাইপলাইনটি বন্ধ হওয়ায় উপসাগরীয় অঞ্চলে তেল সরবরাহ নিয়ে নতুন করে চাপ তৈরি হয়েছে। এরই মধ্যে যুদ্ধ প্রশমনে চলমান কূটনৈতিক প্রচেষ্টাও থমকে রয়েছে।
এদিকে, ইয়েমেনের লোহিত সাগর উপকূলজুড়ে ইরান-সমর্থিত হুথি বাহিনীর অগ্রসর হওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ব্যক্তিগতভাবে চাপ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
তবে সৌদি যুবরাজের অনুরোধের পরও এখন পর্যন্ত সরাসরি মার্কিন সামরিক বাহিনীকে অভিযানে যুক্ত করতে সম্মতি দেননি ট্রাম্প। এর পরিবর্তে হুথিদের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানে গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে সূত্রগুলো।
এসি//