নদীতে গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ ৪ জন নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজরা হলেন- গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬), টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) ও নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান,নিখোঁজ তিনজন লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে বাড়ির সদস্যদের সাথে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর প্রবল স্রোত ও সাতাঁর না জানায় তিনজন গভীর পানিতে তলিয়ে যান।
পরে তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যায়। বিষয়টি তাদের স্বজনরা দেখতে পেয়ে স্থানীয়দের জানালে তারা নদীতে নেমেও কোনো সন্ধান পাননি।
রে ফায়ার সার্ভিসকে জানালে তারা সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে সন্ধান না পাওয়ায় এবং সন্ধ্যা হয়ে যাওয়ায় অভিযান সকাল পর্যন্ত স্থগিত করেন।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল আসলে আবার উদ্ধার অভিযান শুরু হবে।
আই/এ