দেশজুড়ে

জমে থাকা পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে দাশপাড়া গ্রামে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা হলো, দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭), একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। নিহত খালিদ ও আফিয়া দুই ভাই-বোন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, আজ দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে সুমি, খালিদ ও আফিয়া গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে গভীর পানিতে এক শিশু ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে অপর দুজনও পানিতে ডুবে যায়।

পরে তিন শিশুকে উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

ওসি তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন