সন্তানের ধর্ম নিয়ে বাবা-মার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে হিমঘরে মরদেহ
বাবা-মা দুই ধর্মের হওয়ায় নারায়ণগঞ্জে গুলিতে নিহত শুভ ওরফে বিল্লালের মরদেহের শেষকৃত্য নিয়ে পরিবারের মধ্যে জটিলতা তৈরি হয়েছে। মা বলছেন, ছেলে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন, তাই তাকে দাফন করতে হবে। অন্যদিকে বাবা হরি চন্দ্র দাসের দাবি, শুভ হিন্দু পরিবারে জন্ম নেওয়ায় মরদেহ দাহ করতে হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ বিষয়ে আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ জেদুর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মফিজুর রহমান জানান,নিহত শুভর বাবা হরি চন্দ্র দাস ও মা আয়েশা বেগমের মধ্যে ২০০৩ সালে বিবাহবিচ্ছেদ হয়। এরপর শুভ, তার মা এবং ভাই-বোন ইসলাম ধর্ম গ্রহণ করেন। হলফনামার মাধ্যমে ধর্মান্তরিত হয়ে শুভ ‘বিল্লাল’ নাম গ্রহণ করেন। পরে মুসলিম রীতিতে কাবিনের মাধ্যমে বিয়ে করেন। তার স্ত্রী জ্যুথিও মুসলিম এবং তাদের একটি সন্তান রয়েছে।
তবে বাবা হরি চন্দ্র দাসের দাবি, শুভ জন্মসূত্রে হিন্দু। তাই তিনি ছেলের মরদেহ সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী চিতায় দাহ করতে চান। দুই পক্ষের দাবির কারণে শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।
শুভর ভাই ইব্রাহিম বলেন, তারা দুই ভাই একসঙ্গে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং সুন্নতে খাৎনা করেন। এরপর দুজনই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার রওজাতুস সালেহীন মাদরাসায় পড়াশোনা করেছেন।
পুলিশ জানিয়েছে, গত ৫ সেপ্টেম্বর রাত সোয়া ১টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে সড়কে শুভকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা এবং মরদেহের পাশ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিনজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন সুমন (৪৫), সিয়াম আহমেদ সিজান (২১) ও সোহান (২৪)।
আই/এ