শিক্ষকদের ফেসবুক ব্যবহারে আসছে সার্বজনীন নীতিমালা: শিক্ষামন্ত্রী
ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের জন্য একটি সার্বজনীন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারের এই উদ্যোগকে শিক্ষকসমাজ ইতিবাচকভাবে গ্রহণ করছে।
রোববার (০৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা নিজেরাই শিক্ষিত ও সচেতন মানুষ। শিক্ষার্থীদের আচরণ, নৈতিকতা ও মূল্যবোধ শেখানোর দায়িত্বও তাদের। ফলে শিক্ষকদের আলাদাভাবে আচরণবিধি শেখানোর প্রয়োজন খুব বেশি নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুক অসচেতনভাবে ব্যবহারের কারণে যেন শিক্ষাব্যবস্থায় কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক।
তিনি জানান, এ কারণেই শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। শিক্ষকদের এমন কোনো বক্তব্য বা মন্তব্য করা উচিত নয়, যা সমাজে বিভাজন তৈরি করতে পারে কিংবা শিক্ষার্থীদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও শিক্ষকদের জন্য একটি সার্বজনীন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। শিক্ষকসমাজও সরকারের এই উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে।
স্টিয়ারিং কমিটির সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসি//