ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে মার্কিন দূতদের বৈঠক
ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির পথ খুঁজতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিন ঘণ্টারও বেশি সময় বৈঠক করেছেন মার্কিন দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।
শনিবার (০৫ সেপ্টেম্বর) মস্কোয় অনুষ্ঠিত বৈঠকটিকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছে ক্রেমলিন।
ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ জানান, বৈঠকে মার্কিন প্রতিনিধিরা যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ নিয়ে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন। পুতিন তাদের জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়া ‘বাস্তব অগ্রগতি’ অর্জন করছে এবং নিজেদের লক্ষ্য পূরণে তারা আত্মবিশ্বাসী। একই সঙ্গে সংঘাতের ‘সব মূল কারণ’ সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
তবে দীর্ঘ বৈঠক হলেও কোনো বড় ধরনের অগ্রগতি বা চুক্তির ঘোষণা আসেনি। দুই পক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
মস্কোর বৈঠক শেষে উইটকফ ও কুশনার ইউক্রেনের রাজধানী কিয়েভে গেছেন। সেখানে তারা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করবেন। মার্কিন কর্মকর্তারা আশা করছেন, মস্কোর মতো কিয়েভেও গঠনমূলক আলোচনা হবে।