বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে পুলিশের চিঠি
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বর্তমান অবস্থান নিশ্চিত করতে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ।
এ জন্য পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে আন্তর্জাতিক পুলিশ সংস্থাটির কাছে ই-মেইলে চিঠি পাঠানো হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) এই চিঠি পাঠানো হয়।
গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বেনজীর আহমেদ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় গেছেন। এসব প্রতিবেদনের সত্যতা যাচাই এবং তার অবস্থান নিশ্চিত করতেই ইন্টারপোলের কাছে তথ্য চাওয়া হয়েছে।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অপরাধ ও অভিযান) খন্দকার রফিকুল ইসলাম জানান, বুধবারই ইন্টারপোলের কাছে ই-মেইল পাঠানো হয়েছে। এতে সাবেক আইজিপি বেনজীর আহমেদের অবস্থান সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতাও যাচাই করা হবে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত থেকে জামিন পান বেনজীর আহমেদ। বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথি ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া নিয়ে আদালতে উভয় পক্ষের শুনানি শেষে শর্তসাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়।
আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান। পরে গত ১৭ আগস্ট দুবাই থেকে সেন্ট লুসিয়ায় যান বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, সেন্ট লুসিয়ার পাসপোর্ট রয়েছে বেনজীর আহমেদের। দেশটিতে তার যৌথ বিনিয়োগও রয়েছে। এ ছাড়া সেন্ট লুসিয়ার গ্রোস আইসোলেট এলাকায় তার একটি ফ্ল্যাট রয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, বেনজীরের জামিন নিশ্চিত করতে ইউরোপে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা দুবাইয়ে বিভিন্ন মাধ্যমে তদবির করেছিলেন। দুবাইয়ের আদালত থেকে তার জামিন ও কারামুক্তির খবর পাওয়ার পর বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও তৎপরতা শুরু হয়।
সূত্রের তথ্য অনুযায়ী, বেনজীরের অবস্থান জানতে তাৎক্ষণিকভাবে দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সেখান থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি।
জামিন পাওয়ার পর বেনজীর অপেক্ষাকৃত নিরাপদ কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্পেনসহ কয়েকটি দেশে যাওয়ার বিষয়টি বিবেচনায় থাকলেও সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শেষ পর্যন্ত সেন্ট লুসিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি বলে সূত্রের দাবি।
মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বেনজীর আহমেদের অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে নানা তথ্য প্রকাশিত হয়েছে। এসব তথ্যের সত্যতা যাচাই করতেই এবার ইন্টারপোলের সহায়তা চেয়েছে বাংলাদেশ পুলিশ।
ইন্টারপোলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই সাবেক এই আইজিপির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসি//