অর্থনীতি

তিন দফা পতনের পর স্বর্ণের দামে বড় পরিবর্তন

টানা তিন দফা দাম কমার পর দেশের বাজারে আবারও চড়া হলো স্বর্ণের দর। এবার প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা। এর আগে বুধবার প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ফলে এক ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০৮ টাকা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন