জাতীয়

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ: মার্কিন দূত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার জন্য সম্মত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া নতুন এই চুক্তিকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান মার্কিন এই দূত।

তিনি জানান, বাংলাদেশ আরও বেশি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে সম্মত হয়েছে, যা তাদের প্রাথমিক ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে বাড়াবে। তবে কতটি বা কোন মডেলের বোয়িং উড়োজাহাজ কেনা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি গোর।

সার্জিও গর লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় কর্মসংস্থান সৃষ্টিকারী প্রেসিডেন্ট। তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করে লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান তৈরি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়ানো এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে কাজ করছেন।

গত ৩০ জুলাই ঢাকা সফর করেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ এই দূত। তার ঢাকা সফরের মাসখানেক পর নতুন করে বোয়িং কেনার চুক্তির কথা জানা গেল। সেসময় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় গোরের সঙ্গে ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এর আগে ২০২৫ সালের জুলাইয়ে অন্তর্বর্তী সরকারের আমলে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য আলোচনা চলার সময় বাংলাদেশ বোয়িং কেনার পরিকল্পনা বাড়িয়েছিল। প্রাথমিকভাবে ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা থাকলেও পরে তা বাড়িয়ে ২৫টি করা হয়েছিল।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন