দেশজুড়ে

বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গোলাগুলির ঘটনায় বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবাসহ বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক পাচারের চেষ্টা করছে।  

অভিযানের এক পর্যায়ে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতীয় নাগরিক বলাই দাসকে আহত অবস্থায় আটক করে বিজিবি সদস্যরা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন