জাতীয়

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের ৪ কর্মকর্তা আটক

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন পুলিশ সদস্যদের কার্যকলাপ ও গতিবিধি পর্যবেক্ষণে নজরদারি বাড়িয়েছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের এ তথ্য জানান।

আটক কর্মকর্তারা হলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান, পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।

কামারুম মুনিরা বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হবে না। এসব কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে আটক করার পাশাপাশি সন্দেহভাজন অন্য পুলিশ সদস্যদের কর্মকাণ্ড ও গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন