দেশজুড়ে

‘আমার আর বোধ হয় চাকরি করা হলো না’- ফেসবুকে এসপির আবেগঘন পোস্ট

খাগড়াছড়ির আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে সংযুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন এসবির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম। নিজের পদায়ন নিয়ে আক্ষেপ প্রকাশের পাশাপাশি বাংলাদেশ পুলিশে সৎ ও নিয়ম মেনে কাজ করা কর্মকর্তাদের মূল্যায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) তাকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে সংযুক্ত করা হয়। এর পরপরই নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন এই পুলিশ কর্মকর্তা।

পোস্টে মো. রেজাউল করিম লিখেছেন, ‘আমি সংযুক্ত: আমার কাজ আর বাংলাদেশ পুলিশের প্রয়োজন নেই।’ এ ধরনের পদায়ন পুলিশ কর্মকর্তাদের ভালোভাবে কাজ করার ক্ষেত্রে নিরুৎসাহিত করে বলেও মন্তব্য করেন তিনি।

নিজের প্রায় ১৫ বছরের চাকরিজীবনের প্রসঙ্গ তুলে তিনি জানান, এর মধ্যে প্রায় ৯ বছর তিনি বিভিন্ন ‘ডাম্পিং পোস্টিংয়ে’ ছিলেন। তবে বিষয়টি নিয়ে কখনো অভিযোগ করেননি বলেও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশ পুলিশে তেলবাজদের জন্যই পরিবেশ বেশি উপযোগী।

সত্য কথা বলা, সাহসের সঙ্গে নিজের অবস্থান তুলে ধরা এবং নিয়ম মেনে কাজ করা কর্মকর্তাদের এই বিভাগ যথাযথ মূল্যায়ন করতে পারে না বলেও পোস্টে উল্লেখ করেন রেজাউল করিম।

তিনি বলেন, শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের পরও যদি এমন ফল পেতে হয়, তাহলে এ বিষয়ে আর কিছু বলার নেই। এই বিভাগ তার জন্য নয় বলেও আক্ষেপ প্রকাশ করেন তিনি।

পোস্টের আরেক অংশে রেজাউল করিম লেখেন, অন্যায় মেনে নেওয়ার চেয়ে সংযুক্ত থাকাই শ্রেয়। তার মনে হচ্ছে, হয়তো তার আর চাকরি করা হলো না। শেষে সবাইকে ভালো থাকার শুভকামনা জানান তিনি।

পোস্টের বিশেষ দ্রষ্টব্য অংশে নিজের সংযুক্তির কারণ সম্পর্কেও ব্যাখ্যা দেন এই পুলিশ সুপার।

তিনি জানান, কয়েক দিন আগে কর্মকর্তাদের পদায়ন নিয়ে যুগান্তরে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। তিনি সেই সংবাদটি নিজের ফেসবুকে শেয়ার করেছিলেন।

রেজাউল করিমের দাবি, এ বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তার কাছে জানতে চাইলে তিনি এর জবাব দেন। পরে অবশ্য শেয়ার করা সংবাদটি ফেসবুক থেকে মুছে ফেলেছিলেন। এরপরও তাকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে সংযুক্ত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে বাংলাদেশ পুলিশের মঙ্গল কামনা করে রেজাউল করিম বলেন, এটাই বাংলাদেশ পুলিশে কাজের মূল্যায়ন। একই সঙ্গে তিনি বাংলাদেশ পুলিশ এবং তথাকথিত ভালো কর্মকর্তাদের ভালো থাকার কামনা করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন