দেশজুড়ে

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত, আহত ৩

নেত্রকোনার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে রতন দাস (৩৫) নামের এক জেলে বজ্রপাতে নিহত হয়েছে। নিহত রতন দাস উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরঞ্জন দাসের ছেলে। এ সময় আরও তিনজন আহত হয়।

বুধবার (২৬ আগস্ট) উপজেলার মহিষাসুরা হাওরের মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আহতরা হলেন- জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দিননাথ দাস (৪৫)। তারা সবাই সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দিননাথ দাস সহ তারা নৌকায় নিয়ে নিয়মিত মাছ ধরতে মহিষাসুরা হাওরে যেতেন। ঘটনার দিন হাওরে মাছ ধরার সময়  বজ্রপাতে নৌকায় থাকা রতন দাস নিহত হন। এ সময় অপর তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হয়ে কোন জেলে মৃত্যুবরণ করলে মৎস্য অধিদপ্তর থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়। তবে কলমাকান্দা উপজেলার মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কামরুল হাসানকে মোবাইলে কল করা হলে ফোন রিসিভ করেননি।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে নিহত রতন দাসের পরিবারকে ২০হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং  আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।

ওসি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে রতন দাস নামে এক জেলে নিহত হওয়ার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন