দেশজুড়ে

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সড়ক-নৌপথ অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। সাজেকে অবরোধ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনার প্রতিবাদে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের আহ্বানে শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়।

শনিবার ভোর থেকেই খাগড়াছড়ি-চট্টগ্রামসহ বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ কেটে অবরোধের পক্ষে বিক্ষোভ করেন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। এ ছাড়া খাগড়াছড়ি পৌর শহরের চেঙ্গী সেতু এলাকায় দুই দফায় সড়কে টায়ার জ্বালানোর চেষ্টা করেন অবরোধকারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেন।

অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে কোনো দূরপাল্লার পরিবহন ছেড়ে যায়নি। তবে জেলা শহরের অভ্যন্তরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচসহ যাত্রী ও পণ্যবাহী যানবাহন পথে বিভিন্ন স্থানে বাধার মুখে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় সকাল ৯টার দিকে যানবাহনগুলো জেলা সদরে পৌঁছায়।

দূরপাল্লার পাশাপাশি অভ্যন্তরীণ সড়কেও পরিবহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, জেলা সদরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দেওয়ার পাশাপাশি অবস্থান করছেন। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

যেভাবে শুরু সংঘর্ষ

সাজেক থেকে অস্ত্রধারী জেএসএস সদস্যদের অন্যত্র সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে গত ১১ অক্টোবর থেকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছিল সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারী অ্যাসোসিয়েশন নামের দুটি সংগঠন।

এর ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর তৃতীয় দফায় সাজেকের উজোবাজার এলাকায় সড়ক অবরোধ করে পর্যটকবাহী যানবাহন আটকে দেওয়া হয়। আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে উদ্ধারে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ বাধে।

এ সময় পাহাড়ের একটি আঞ্চলিক সংগঠনের সশস্ত্র সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি মোকাবিলায় আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও প্রতিরোধ গড়ে তোলেন।

এ ঘটনায় পাহাড়ের আরেক আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ জড়িত বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন