মধ্যরাতে সবাই ঘুমে, সকালে ফ্যানের সঙ্গে ঝুলছিল সিটি কলেজের ছাত্রী
রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জেরে রিশাত জাহান অমি নামে ১৬ বছর বয়সী এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি ঢাকা সিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে কামরাঙ্গীরচর থানার কলাবাগান (কলামাঠ) এলাকার একটি বাসা থেকে অমিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মোহাম্মদ জাকির হোসেন জানান, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে অমিকে তার নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিশাত জাহান অমি কামরাঙ্গীরচরের কলাবাগান এলাকার ওসমান গনির মেয়ে। পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার চাচা মোহাম্মদ জাকির হোসেন।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অমির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসি//