রাজধানী

রাজধানীরতে দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত দুই

রাজধানীর মালিবাগে আবুজর গিফারি কলেজ ও লক্ষ্মীবাজারে কবি নজরুল সরকারি কলেজের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মালি গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) দুপুর ও সন্ধ্যায় এই ঘটনা দুটি ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

 

শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, দুপুরে ২টা ৪০ মিনিটে মালিবাগ আবুজর গিফারি কলেজে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। পাশের সরকারি অফিসার্স কোয়ার্টার থেকে কলেজ মাঠে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের শনাক্ত করা যায়নি। তবে পুলিশ তাদের শনাক্তে আশপাশের ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে।

পরে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের দিকে লক্ষ্মীবাজারে কবি নজরুল সরকারি কলেজের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিমন আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর ইসলাম (৪৫) নামের এক মালি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে জাহাঙ্গীর ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জাহাঙ্গীর ইসলামকে হাসপাতালে নেওয়া আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সূত্রাপুর থানা এলাকার কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর।

এ সময় কয়েকজন দুষ্কৃতকারী ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে জাহাঙ্গীর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তিনি চোখে ও মাথায় আঘাত পেয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা থাকায় পুলিশ ও র‍্যাবের বিশেষ বাহিনীর সদস্যরা সড়ক ফাঁকা রাখার কথা জানান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রম করার কয়েক মিনিট পরই কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সুত্রাপুর থানার ওসি মতিউর রহমান গণমাধ্যমকে জানান, বিভিন্নভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি। দুজনকে ঘটনাস্থল থেকে আটক করেছি আমরা। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন