দেশজুড়ে

অফিস না করেও বেতন পান ভূমি অফিসের কর্মচারী

কর্মস্থলে যোগদানের পর অফিসে দায়িত্ব পালন করেন না পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক শরিফুল ইসলাম। দীর্ঘদিন অনুপস্থিত থাকলেও চাকরিতে বহাল তবিয়তে থাকার পাশাপাশি চাকরি না করেও নিয়মিত বেতন পাচ্ছেন ভূমি অফিসের ওই কর্মচারী।

 অফিস সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে চলতি বছরের মার্চ মাসের ১২ তারিখ যোগদান করেছেন অফিস সহায়ক শরিফুল ইসলাম। ওই অফিসের হাজিরা খাতায় যোগদানের দিন ছাড়া আর কোনো স্বাক্ষর পাওয়া যায়নি তার। যোগদানের পর একদিনের জন‍্যও এই অফিসে দায়িত্ব পালন করেননি তিনি। এই অফিসে বদলী হওয়ার আগে তার কর্মস্থল ছিল ঈশ্বরদী পৌর ভূমি অফিস। সেখানেও দীর্ঘদিন ধরে একই কাজ করেছেন অফিস সহায়ক শরিফুল ইসলাম। কর্মস্থলে শরিফুলের অনুপস্থিতির কথা স্বীকার করেছেন ওই অফিস দুটির কর্মকর্তারাও। অথচ দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বহাল তবিয়তে রয়েছেন শরিফুল।

এ ব‍্যাপারে মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা বিপুল কুমার জোয়াদ্দার জানান, শরিফুল ইসলাম মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে চলতি বছরের ১২ মার্চ যোগদান করেছেন। তারপর থেকে সে আর অফিসে আসে না। এ বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ঈশ্বরদী পৌর ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, তিনি পৌর ভূমি অফিসে  চলতি বছরের ২০ জানুয়ারি যোগদান করেছেন। যোগদান করার পর তিনি শুনেছেন শরিফুল ইসলাম নামে এক অফিস সহায়কের এখানে পোস্টিং ছিল। কিন্তু তার কর্মকালীন সময়ে শরীফুল ইসলাম নামে কাউকে তিনি দেখেননি, চেনেন না। এমনকি হাজিরা খাতায় তার কোনো নাম বা স্বাক্ষর নাই।

এ বিষয়ে অফিস সহায়ক শরিফুলের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, তিনি আগে ডিসি অফিসে ছিলেন। এখনো তিনি ডিসি অফিসেই আছেন। মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে বদলীর পর যোগদান করে আবার ডিসি অফিসেই চলে গেছেন।

তিনি বলেন, সেখানে সংযুক্ত বদলীর আদেশ ছিল তার। ঈশ্বরদী পৌর অফিসেও সংযুক্ত বদলী ছিল। ডিসি অফিসের এল, এ শাখায় চাকরি করেন বলে দাবি তার।

এ ব‍্যাপারে জানতে চাইলে ঈশ্বরদী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার জানান, অফিস সহায়ক শরিফুল ইসলাম ঈশ্বরদী পৌর ভূমি অফিসে ছিল। অফিস না করার অভিযোগে তাকে মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়। পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। মুলাডুলি ইউনিয়ন ভূমি অফিসে গিয়েও সে নিয়মিত অফিস করে না। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন