সোমবার তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আসছে সোমবার ইরানের রাজধানী তেহরান সফর করবেন। রোববার (২৩ আগস্ট) বিষয়টি জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া বক্তব্যে বাঘাই বলেন, আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের একটি প্রতিনিধি দল এ সফর করবে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকা বাড়ানোই সফরের অন্যতম উদ্দেশ্য।
সফরকালে পাকিস্তানের সেনাপ্রধান ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান বাঘাই।
চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে পাকিস্তান দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ রেখে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করছে। ইসলামাবাদ একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে।
এর আগে গেল ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে দুই দেশ আলোচনা শুরু করলেও নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধের কারণে সেই প্রক্রিয়া পরে থেমে যায়।
এরপর ৮ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে দুই দেশের মধ্যে কয়েক দফা সামরিক হামলা হয়। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান।
বর্তমানে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত বন্ধ থাকলেও অঞ্চলজুড়্রে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আসিম মুনিরের তেহরান সফরকে পাকিস্তান-ইরান সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এমএ//