ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন
বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) রাতে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে এ হামলা হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বাহরাইন ডিফেন্স ফোর্স জানিয়েছে, শনিবার রাতে ইরানের একাধিক আকাশপথের হামলা প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় এ ঘটনাকে ‘ইরানের আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে।
মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, হামলায় শিল্প স্থাপনাটির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ আহত হননি। আগুন নেভাতে কাজ করছে সিভিল ডিফেন্সের কর্মীরা। হামলার লক্ষ্যবস্তু স্থাপনাটি কোথায় অবস্থিত বা এর ধরন সম্পর্কে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
এর আগে দেশটিতে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়। এ সময় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হলেও সম্ভাব্য হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
হামলার পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত অভিযান চালানো হয়েছে। এ অভিযানে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংসের দাবি করেছে সংস্থাটি।
আইআরজিসির ভাষ্য, ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ নজরদারি ও যুদ্ধ ড্রোন প্রবেশের পর এ অভিযান চালানো হয়। ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘন এবং আগ্রাসনের জবাবে তাদের অ্যারোস্পেস ফোর্স এ হামলা চালিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছিল, বাহরাইনের শেখ ইসা ও জুফেইর ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত দুটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের আকাশসীমা লঙ্ঘনের পাশাপাশি হেঙ্গাম দ্বীপে একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করে সংস্থাটি।
এমএ//