আন্তর্জাতিক

‘কোনো দেশের বিরুদ্ধে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’

ইরাকের প্রেসিডেন্ট নিজার আমিদি ছবি: সংগৃহীত

কোনো দেশের বিরুদ্ধে হামলা চালাতে ইরাকি ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট নিজার আমিদি। একই সঙ্গে চলমান আঞ্চলিক সংঘাতে ইরাককে জড়িয়ে না ফেলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাগদাদ ডায়ালগ সম্মেলনের অষ্টম আসরের দ্বিতীয় দিনে বক্তব্য দেওয়ার সময় প্রেসিডেন্ট আমিদি বলেন, ইরাকের ভূখণ্ড ব্যবহার করে আঞ্চলিক কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর কোনো যৌক্তিকতা নেই।

তিনি বলেন, ইরাকের সংবিধান অনুযায়ী দেশের সব ধরনের অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকার কথা। নাজাফের ধর্মীয় কর্তৃপক্ষও এ বিষয়ে একই অবস্থান সমর্থন করে।

ইরাকে এখনো দুই থেকে তিনটি সশস্ত্র গোষ্ঠী তাদের অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তর করেনি বলেও জানান আমিদি। এসব গোষ্ঠীর অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার বিষয়ে আলোচনা চলছে।

প্রেসিডেন্ট বলেন, চলমান আঞ্চলিক সংঘাতে ইরাক যাতে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাই একমত। কারণ এর প্রভাব ইতোমধ্যে ইরাকের জন্য কঠিন হয়ে উঠেছে।

হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও কথা বলেন আমিদি। তিনি বলেন, এই জলপথের বর্তমান সংকট শুধু ইরাক নয়, পুরো বিশ্বের ওপরই প্রভাব ফেলছে। পরিস্থিতি নিয়ে ইরান সরকারের সঙ্গে বাগদাদের আলোচনা চলছে বলেও জানান তিনি।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন