জাতীয়

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল ও পরিধি বাড়ানোর উদ্দেশ্যে সরকার দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

শনিবার (২২ আগস্ট) রাজধানী ঢাকার একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত পলিটিক্স ল্যাব : বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন শীর্ষক এক পাবলিক ডায়ালগ শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিগত সতেরো বছরের তুলনায় গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ সময়ে প্রায় তিনটি নতুন উইং চালু করা হয়েছে এবং অবৈধ অভিবাসন রোধে জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় সাধনের জন্য এবারই প্রথম একটি আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে

শামা ওবায়েদ আরও বলেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হওয়ায় আগামী এক বছর তিনি বেশ ব্যস্ত সময় পার করবেন। তাই দাপ্তরিক কাজের সুবিধা ও গতি বজায় রাখতে সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করবে, সে অনুযায়ী সবাই মিলে একটি শক্তিশালী টিম হিসেবে কাজ করে যাবো

বাংলাদেশ কোনো বহুপাক্ষিক জোট বা সংস্থায় যুক্ত হবে কি হবে না, সে বিষয়ে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আরও স্পষ্ট করেন যে, এ ধরনের যেকোনো সিদ্ধান্তের খবর দেশের গণমাধ্যমই সবার আগে জানতে পারবে এবং বিদেশি গণমাধ্যমের খবরে বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করেছে সরকার। গেল শুক্রবার (২১ আগস্ট) এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন