ইরান যুদ্ধ দীর্ঘমেয়াদি সংঘাতে রূপ নেবে না: ভ্যান্স
ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হবে না বলে আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, ইরানকে ঘিরে ১০ বা ১৫ বছর, এমনকি দুই বছরও সামরিকভাবে সম্পৃক্ত থাকার পরিকল্পনা নেই ওয়াশিংটনের।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। তবে এ কারণে চলমান সংঘাতকে দীর্ঘমেয়াদি সামরিক প্রতিশ্রুতিতে রূপ দিতে চায় না যুক্তরাষ্ট্র।
তিনি আরও বলেন, ইরানে অনির্দিষ্টকাল অবস্থানের কোনো পরিকল্পনা নেই ওয়াশিংটনের। দেশটির জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, সেখান থেকে সেনা ও সামরিক সম্পৃক্ততা গুটিয়ে নেওয়া হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালো ফলাফল অর্জনের মধ্য দিয়েই এই সংঘাতের অবসান ঘটাতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ভ্যান্স।
এমএ//