জাতীয়

যুক্তরাষ্ট্রের বাজারে ১০% ট্যারিফে সুবিধা পাচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি অনুযায়ী, বাংলাদেশ থেকে রপ্তানিকৃত পণ্যের ওপর সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে মার্কিন বাজারে প্রবেশ করা বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে সর্বনিম্ন হারে এই ট্যারিফ কার্যকর হবে। 

শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে গেল বৃহস্পতিবার ট্রেড অ্যাক্ট-১৯৭৪-এর সেকশন ৩০১ ধারার অধীনে বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন এই শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায় মার্কিন সরকার। জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ সংক্রান্ত এক তদন্ত শেষে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) এই পদক্ষেপ নেয়।

মার্কিন স্থানীয় সময় ২৪ জুলাই মধ্যরাত (১২টা ১ মিনিট) থেকে নতুন এই শুল্ক হার কার্যকর হয়েছে। যা পূর্বের ১০ শতাংশের সাময়িক বৈশ্বিক শুল্কের স্থলাভিষিক্ত হলো।

ঘোষণা অনুযায়ী, দেশভেদে অতিরিক্ত শুল্কের হার ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এটি সর্বনিম্ন ১০ শতাংশে বহাল থাকছে। যা বিদ্যমান 'মোস্ট ফেভার্ড নেশন' (এমএফএন) শুল্কের অতিরিক্ত হিসেবে যুক্ত হবে।

তালিকায় থাকা ৬০টি দেশের মধ্যে মাত্র ১৭টি দেশ এই সর্বনিম্ন ১০ শতাংশ ট্যারিফের আওতায় এসেছে, যার মধ্যে বাংলাদেশ অন্যতম।

অন্যদিকে, তৈরি পোশাক খাতে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী দেশ চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডের ওপর সর্বোচ্চ ১২.৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ফলে মার্কিন বাজারে প্রতিযোগী দেশগুলোর তুলনায় প্রবৃদ্ধিতে বাংলাদেশ তুলনামূলক ভালো অবস্থানে থাকবে বলে আশা করা হচ্ছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন