কুড়িগ্রামে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই কাপড় জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ অনুযায়ী সুনির্দিষ্ট ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করা হয়। ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী সার্কেলের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার দয়াময়ী পাইলট স্কুলসংলগ্ন ফজলুর রহমানের (ফজলু চেয়ারম্যান) বাড়ি এবং মোমিনগঞ্জ এলাকায় রিয়াজুল ইসলাম (৩৫)-এর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মোট ২৬৮ পিস থান কাপড় জব্দ করা হয়।
জব্দ করা প্রতিটি পিস কাপড়ের দৈর্ঘ্য ১২ মিটার। সে হিসেবে মোট কাপড়ের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ২১৬ মিটার। পুলিশের দাবি, জব্দ করা কাপড়ের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপারের নির্দেশে জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী সাঁড়াশি অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় নাগেশ্বরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কাপড় জব্দ করা হয়েছে। জেলার প্রতিটি থানায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আই/এ