এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শেষ হচ্ছে আজ
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের অনলাইন আবেদন কার্যক্রম শেষ হচ্ছে আজ (১৭ আগস্ট)। গত ১১ আগস্ট ফল প্রকাশের পরের দিন শুরু হওয়া এই কার্যক্রমে ইতোমধ্যে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছেন।
ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনে তিন লক্ষাধিক শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন সম্পন্ন করেছে।
১৯৯৮ সালের আইনের সীমাবদ্ধতার কারণে পূর্বে খাতা পুনঃপরীক্ষার সুযোগ না থাকলেও, বর্তমান সরকারের পক্ষ থেকে আইনটি সংশোধিত হওয়ায় পরীক্ষার্থীরা এবার খাতা পুনর্নিরীক্ষাসহ পুনর্মূল্যায়নেরও সুযোগ পাচ্ছেন।
আবেদনের নিয়মাবলি:
ওয়েবসাইট: আবেদন করতে এই লিংকে(https://rescrutiny.eduboardresults.gov.bd/) প্রবেশ করে নির্দিষ্ট স্থানে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর এন্ট্রি দিতে হবে।
মোবাইল নম্বর: পরবর্তী ধাপে একটি সক্রিয় মোবাইল নম্বর প্রদান করতে হবে, যেখানে ফলাফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে আপডেট পৌঁছে যাবে।
বিষয় নির্বাচন:এরপর সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিষয়ভিত্তিক তালিকা প্রদর্শিত হবে। কাঙ্ক্ষিত এক বা একাধিক বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে ক্লিক করতে হবে।
ফি পরিশোধ:প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি নির্ধারিত রয়েছে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্যই আবেদন করা বাধ্যতামূলক। বিকাশ, নগদ কিংবা সোনালী সেবার মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে।
চূড়ান্ত জমা: ফি পরিশোধের পর পুনরায় পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তীতে অতিরিক্ত কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই নিয়মে তা করা সম্ভব, তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
ফি পরিশোধ করার পূর্বে কোনো ভুলত্রুটি দেখা দিলে ‘মুছে ফেলুন’ বাটনের মাধ্যমে যেসকল বিষয়ের ফি দেওয়া হয়নি তা বাতিল বা পরিবর্তন করা যাবে।
একবার ফি পরিশোধ সম্পন্ন হওয়ার পর কোনো নির্দিষ্ট বিষয় বাদ দেওয়া কিংবা জমাকৃত ফি কোনো অবস্থাতেই ফেরত পাওয়ার সুযোগ নেই। এ ছাড়াও কোনো ধরনের ম্যানুয়াল বা কাগজের আবেদন গ্রহণ করা হবে না।
আর/আই