শিক্ষা

এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষার সুযোগ

ছবি: সংগৃহীত

সাধারণ শিক্ষায় বারবার অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি এসএসসি পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন অ্যাকাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব পরিকল্পনার কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, সাধারণ শিক্ষায় পিছিয়ে থাকা শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক শিক্ষার সুযোগ তৈরি করতে চায় সরকার। এ ছাড়া চতুর্থ শ্রেণি থেকেই পাঠ্যক্রমের পাশাপাশি সংস্কৃতি, খেলাধুলা ও বিনোদনমূলক কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী, প্রতিটি শিশুকে মানসম্মত শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এর আগে বেলা ১২টার দিকে পল্লী উন্নয়ন অ্যাকাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে যোগ দেওয়া ৬১২ কর্মকর্তার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকস্বল্পতা দূর করার পাশাপাশি গ্রামাঞ্চলে কাজের অভিজ্ঞতা অর্জন করতে হবে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ তৈরি এবং পাঠদানের ক্ষেত্রে গবেষণাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সরকারি কলেজগুলোকে সাধারণ মানুষের উচ্চশিক্ষার সুযোগ তৈরির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের দায়িত্বশীলতার ওপরই আগামীর বাংলাদেশের অগ্রগতি অনেকাংশে নির্ভর করছে। শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে সরকারি বরাদ্দের অপচয় রোধেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন