রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ
আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কে প্রার্থী হচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এর আগে সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ভোটগ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম মনি জানান, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত সংসদে উপস্থিত সবার সামনে ভোটগ্রহণের কার্যক্রম গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
তিনি জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের ভেতরেই ভোট দেবেন সংসদ সদস্যরা। প্রত্যেক সদস্য নিজের আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটের কার্যক্রম চলবে।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না বলেও জানান চিফ হুইপ। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সদস্যপদ থাকবে না।
এদিকে সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রত্যাশা থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না। একই সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা ঠেকাতে ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। ওই দিন জাতীয় সংসদের অধিবেশনকক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ থাকবে।
এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পরই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।
এসি//