আমগাছের মগডালে অচেতন গৃহবধূ, ২৫ মিনিটের অভিযানে উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির আঙিনার একটি আমগাছের মগডালে উঠে অচেতন হয়ে পড়েন মোছা. বৃষ্টি আক্তার (২১) নামে এক গৃহবধূ। তিনি ওই এলাকার মো. জিলহানির স্ত্রী।
সোমবার (১০আগস্ট) রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতের দিকে বাড়ির আঙিনায় থাকা আমগাছের উঁচু মগডালে গৃহবধূ বৃষ্টি আক্তারকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়রা তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হলে ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে রাত ৮টার দিকে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে বিশেষ কৌশলে প্রায় ২০ থেকে ২৫ মিনিটের অভিযানে গাছের মগডাল থেকে অচেতন অবস্থায় বৃষ্টি আক্তারকে নিরাপদে নিচে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করা হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে।
তবে কীভাবে বা কেন তিনি আমগাছের মগডালে উঠেছিলেন এবং সেখানে গিয়ে কীভাবে অচেতন হয়ে পড়েন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জ্ঞান ফেরার পরও তিনি কীভাবে গাছে উঠেছিলেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের ফায়ার লিডার আবুল হাসান জানান, খবর পেয়ে রাত ৮টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। এরপর প্রায় ২০ থেকে ২৫ মিনিটের উদ্ধার অভিযানে আমগাছের মগডাল থেকে অচেতন অবস্থায় ওই নারীকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআর//