৩১২ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি কোনো শিক্ষার্থীই
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বিদেশের একটি পরীক্ষাকেন্দ্রেও কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম শুরু হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষার জন্য ফরম পূরণ করে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, শূন্য পাসের এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২২৬টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি। শূন্য পাসের প্রতিষ্ঠানের তালিকায় এটিই সর্বোচ্চ সংখ্যা।
এদিকে ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে নিজেদের ফলাফল জানার আগ্রহ দেখা দিয়েছে। শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে ফলাফল জানা যাচ্ছে।
এসি//