পাসপোর্ট ছাড়াই শেখ হাসিনাকে দেশে ফেরার পথ বলে দিলেন আসিফ মাহমুদ
জুলাই গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। এ খবরের পরিপ্রেক্ষিতে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (০৯ নভেম্বর) দুপুর ১২টা ২৪ মিনিটে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’
একই দিন দুপুরে নিজের ফেসবুক আইডিতে আরেকটি পোস্টে আসিফ লিখেছেন, ‘আজ নৌকাটা না ডুবলে পাসপোর্ট লাগতো না!’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনে লন্ডনভিত্তিক একদল আইনজীবীর মাধ্যমে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন জমা দেওয়া হয়। ২০২৪ সালে দেশত্যাগের পর বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে এটিই তাঁর প্রথম দাপ্তরিক যোগাযোগ।

রয়টার্সের হাতে আসা একটি চিঠি থেকে জানা গেছে, আদালতের মুখোমুখি হতে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। তার সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করা হবে।
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান। এতে শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবর উল্লেখ করে নতুন দুটি নথি ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর বাধ্যবাধকতা অনুযায়ী আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।

এদিকে, ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বর মাসে শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
এসি//