রিয়াদে ১৭ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক
সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুনে ১৭ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এক শোকবার্তায় তারা নিহতদের শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানান এবং এই অপূরণীয় ক্ষতি মোকাবিলায় তাদের পাশে থাকার আশ্বাস দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত রোববার (৯ আগস্ট) রাতে রিয়াদের ওই কারখানায় আকস্মিক অগ্নিকাণ্ডে ১৭ জন প্রবাসী বাংলাদেশি দগ্ধ হয়ে প্রাণ হারান। মর্মান্তিক এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থল ও স্থানীয় হাসপাতালগুলো পরিদর্শন করেন।
বর্তমানে নিহতদের পরিচয় নিশ্চিত করা, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সব ধরনের কূটনৈতিক সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
আর/আই