দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯
ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। নিহত ৯ জনের মধ্যে ২ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন- প্রিয়ম (২৫) ও জাইফা (০৪)।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকার দয়ামীর অংশে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, আজ সকাল ৭টা ১৫ মিনিটের দিকে দয়ামীরস্থ কাশিকাপন এলাকায় সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং ঢাকামুখী বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। আহত ১৩ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।
ওসি আনিসুর রহমান জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আই/এ