অর্থনীতি

নাগালের বাইরে নিত্যপণ্য, ক্রেতাদের হাঁসফাঁস

রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম। বিশেষ করে ডিম ও ব্রয়লার মুরগির দাম বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। পাশাপাশি মাছ ও অধিকাংশ সবজির দামও উচ্চ পর্যায়ে থাকায় সাপ্তাহিক বাজার করতে গিয়ে বিপাকে পড়ছেন ক্রেতারা।

শুক্রবার (০৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে ডিমের ডজন ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২০০ টাকায়। এছাড়া সোনালি মুরগি ৩২০ থেকে ৩৪০ টাকা, হাইব্রিড ২৯০ থেকে ৩০০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগি বিক্রেতারা জানান, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গত সপ্তাহের তুলনায় ব্রয়লারের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। তবে সোনালি মুরগির দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে।

মাছের বাজারেও ঊর্ধ্বমুখী দাম। বিভিন্ন প্রজাতির মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে জীবিত চাষের পাঙাশ ২৩০ টাকা, তেলাপিয়া ২৬০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, বড় রুই ৪৫০ থেকে ৫০০ টাকা এবং ট্যাংরা ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শিং মাছের দাম ৩০০ থেকে ৪৫০ টাকা এবং মাঝারি আকারের রুই ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি। অন্যদিকে রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে কেজিপ্রতি এক হাজার টাকারও বেশি গুনতে হচ্ছে।

সবজির বাজারেও স্বস্তি নেই। কিছু সবজির দাম সামান্য কমার আভাস মিললেও অধিকাংশ সবজিই এখনো উচ্চ দামে বিক্রি হচ্ছে। ঝিঙা, বেগুন ও টমেটোর দাম ১০০ টাকার ওপরে রয়েছে। কাঁচা মরিচের কেজি ৩২০ টাকা, আর বেশির ভাগ সবজির দাম ৬০ থেকে ১০০ টাকার মধ্যে।

বর্তমানে বরবটি ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, শসা ৬০ টাকা, পটল ৬০ টাকা, টমেটো ১৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা এবং পেঁপে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ প্রতি পিস ৬০ থেকে ৮০ টাকা, মুলা ৮০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, গাজর ১০০ টাকা, কচু ৮০ টাকা, করলা ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, ব্রয়লার মুরগি, পাঙাশ ও তেলাপিয়া নিম্ন ও মধ্যবিত্ত মানুষের প্রধান ভরসা। এসব পণ্যের দাম বাড়লে সংসারের খরচ সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়ে। তারা নিয়মিত তদারকি বাড়ানোর দাবি জানায়।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন