ক্যাম্পাস

ববিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০

ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শিবিরের ‘অদম্য জুলাই’ শীর্ষক একটি র‍্যালিতে বহিরাগতদের অংশগ্রহণ নিয়ে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষ শুরু হয়।

বুধবার (০৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

জানা যায়, শিবিরের র‍্যালিতে বহিরাগতদের উপস্থিতি নিয়ে আপত্তি জানায় ছাত্রদলের নেতাকর্মীরা। উভয়পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয় পরে কয়েক দফায় ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদ বলেন, ক্যাম্পসে লাঠির সঙ্গে পতাকা বেঁধে শিবির বহিরাগতদের নিয়ে মিছিল করেছে। ছাত্রদল বহিরাগতদের ছাড়া কর্মসূচি পালনের অনুরোধ করলে শিবিরের নেতাকর্মীরা হামলা চালায়। 

এসময় ছাত্রদলের পাঁচ থেকে ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রশিবির শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। ক্যাম্পসের গ্রাউন্ড ফ্লোর থেকে ভিসি গেটের দিকে যাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে পাঁচজনের মতো নেতাকর্মী আহত হয়েছেন। 

তিনি আরও দাবি করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটে। প্রক্টর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও হামলা থামেনি। এ ঘটনার বিচার চেয়ে উপাচার্যের কাছে অভিযোগ জানানো হয়েছে।

এ বিষয়ে বরিশাল মহানগর পুলিশের এডিসি বেলাল হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে আমরা এখানে এসেছি। ঘটনার পরপর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন