অবরোধ শুরুর পর ৮ সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের
সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত সামুদ্রিক অবরোধ কার্যকর করার অংশ হিসেবে আরও একটি সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। তাদের দাবি, অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট আটটি সৌদি ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘ওয়াফা’ নামের একটি সৌদি তেলবাহী ট্যাংকারে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তার দাবি, হামলাটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হেনেছে।
তিনি জানান, গেল ২২ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণার পর থেকে এ পর্যন্ত আটটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে।
হুথি মুখপাত্র আরও দাবি করেন, একই সময়ে লোহিত সাগর ও আরব সাগরে চলাচলকারী ২৯টি সৌদি তেলবাহী ট্যাংকারকে গন্তব্যে যেতে বাধা দেওয়া হয়েছে এবং সেগুলোকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।
আলজাজিরা জানায়, হুথিদের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এমএ//