‘চুক্তি করুন, না হলে আত্মসমর্পণ করুন’—ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়ে বলেছেন, তা না হলে দেশটিকে ‘সম্পূর্ণ আত্মসমর্পণ’ করতে হবে। তিনি দাবি করেন, সমঝোতা না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ অব্যাহত থাকবে।
সোমবার (০৩ আগস্ট) ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরান প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অস্বীকার করলেও বাস্তবে দুই পক্ষ একটি সমাধান নিয়ে কথা বলছে।
তিনি লেখেন, ‘ইরান স্বীকার করুক বা না করুক, আমরা বহুদিনের একটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছি। কিন্তু তারা একদিকে আলোচনা অস্বীকার করছে, অন্যদিকে ভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে।’
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওয়াশিংটনের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা চলছে না। তবে ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ভাগাভাগি সংক্রান্ত বিষয়ে আলোচনা হচ্ছে বলে তেহরান নিশ্চিত করে।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। ওয়াশিংটনের ঘোষিত লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দুর্বল করা।
তবে পাঁচ মাসেরও বেশি সময় পরও ইরান অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে। একই সঙ্গে দেশটি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতও বজায় রেখেছে।
অন্যদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের হামলা ও বাধার কারণে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে। বিশ্লেষকদের মতে, চলমান অচলাবস্থায় এটি তেহরানের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত চাপ সৃষ্টির হাতিয়ার হয়ে উঠেছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
এমএ//