আন্তর্জাতিক

মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ জন নিহত, আহত ১৫

রাশিয়ার রাজধানী মস্কোর একটি অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (০১ আগস্ট) স্থানীয় সময় রাত প্রায় ৮টার দিকে কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত স্ট্যালিন আমলের একটি ঐতিহাসিক বহুতল ভবনের নিচতলায় থাকা রেস্তোরাঁর গ্রীষ্মকালীন আউটডোর টেরেসের পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

মস্কো পুলিশ জানিয়েছে, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তদন্তকারী সংস্থা ও জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান এবং ঘটনার তদন্ত শুরু করেন।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, একটি গ্যাস ক্যানিস্টার বিস্ফোরিত হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা হয়নি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর পুরো এলাকা ঘিরে রেখেছে সশস্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে সাধারণ মানুষের প্রবেশও বন্ধ করে দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে অনলাইন সংবাদমাধ্যম বাজা জানিয়েছে, বিস্ফোরণটি মস্কোর অভিজাত ইতালীয় রেস্তোরাঁ বালজি রোসিতে ঘটেছে। রেস্তোরাঁটির ওয়েবসাইটে আগে থেকেই উল্লেখ ছিল, শনিবার একটি ব্যক্তিগত অনুষ্ঠানের কারণে এটি সাধারণ অতিথিদের জন্য বন্ধ থাকবে।

পুলিশ জানিয়েছে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: মস্কো টাইমস

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন