জাতীয়

প্রাথমিকের নতুন শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’ কার্যক্রমে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের নতুন তারিখ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।

রোববার (০২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপসচিব রাজীব কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শূন্য পদের বিপরীতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র পাঠানো হবে। যোগদান সম্পন্ন হওয়ার পর তাদের পদায়ন করা হবে এবং পরবর্তী সময়ে আবশ্যিক পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এর আগে, শনিবার (০১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রণালয়ের এক জরুরি ভার্চ্যুয়াল সভায় প্রার্থীদের যোগদানের সম্ভাব্য তারিখ হিসেবে ২৯ অক্টোবর নিয়ে আলোচনা হয়েছিল। ওই সভায় গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন জানান, পুলিশ ভেরিফিকেশনসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগলেও দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক পদায়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। তবে সর্বশেষ সিদ্ধান্তে ১ অক্টোবরকেই যোগদানের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চূড়ান্তভাবে মনোনীত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক ওই দিন নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। এরপর জেলা ভিত্তিক পদায়নের কার্যক্রম সম্পন্ন করে তাঁদের প্রয়োজনীয় পেশাগত প্রশিক্ষণে পাঠানো হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে ১৪ হাজার ৩৮৪ জনকে সহকারী শিক্ষক পদে নির্বাচিত করা হয়।

সব ধরনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও দীর্ঘদিন যোগদান কার্যক্রম শুরু না হওয়ায় গত এপ্রিলে নির্বাচিত প্রার্থীরা আন্দোলন কর্মসূচি পালন করেন। পরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দ্রুত দাপ্তরিক কার্যক্রম শেষ করে তাঁদের যোগদান ও প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন