ইউক্রেনের হঠাৎ হামলায় পুড়ছে মস্কো
রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এতে মস্কো অঞ্চলে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। হামলার পর বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। একই তথ্য রুশ কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে রয়টার্সও জানিয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানী এ পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। শনিবার থেকে রাশিয়ার বিভিন্ন এলাকায় ১ হাজার ৬০০টির বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি। এর মধ্যে মস্কোমুখী ছিল প্রায় ৪৫০টি।
সোবিয়ানিন আরও জানান, কয়েকটি ড্রোন মস্কোর তেল শোধনাগার এলাকায় পৌঁছে স্থাপনার ক্ষতি করেছে। একটি ড্রোন একটি আবাসিক ভবনেও আঘাত হানে। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলাটি রাশিয়ার চলমান সংসদীয় নির্বাচন ব্যাহত করার উদ্দেশ্যে চালানো হয়েছে বলেও দাবি করেন মস্কোর মেয়র।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ জানান, রামেনস্কি জেলায় একটি ড্রোন ২১ তলা আবাসিক ভবনের ছাদে আঘাত হানলে আগুন ধরে যায়। পরে ভবনটি থেকে প্রায় ৪০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সোফাইনো এলাকায় একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হানার ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হন। ওরেখোভো-জুয়েভো জেলাতেও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রাশিয়ায় তিন দিনব্যাপী সংসদীয় নির্বাচনের শেষ দিনে এই বড় ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটল। দেশটির ১১ কোটি ১০ লাখের বেশি যোগ্য ভোটার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার ৪৫০টি আসনে ভোট দিচ্ছেন।
এদিকে হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। চলমান যুদ্ধের কারণে হামলার সব তথ্য স্বাধীনভাবে যাচাই করাও কঠিন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসি//