ফিফা সভাপতির ওপর আস্থা হারিয়েছে ফুটবল বিশ্ব: উয়েফা
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্তমান নেতৃত্বের ওপর ফুটবল অঙ্গনের বড় একটি অংশের আস্থা আর নেই বলে মন্তব্য করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। একই সঙ্গে ফিফা বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা প্রত্যাহার করায় সংস্থাটিকে স্বাগত জানিয়েছে তারা।
শনিবার (০১ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে উয়েফা বলেছে, ‘ফিফার বর্তমান নেতৃত্ব শুধু উয়েফার নয়, ফুটবল পরিবারের বহু সদস্যেরও আস্থা হারিয়েছে।’
উয়েফার দাবি, বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার অংশীদারিত্ব বিক্রির প্রস্তাবটি তাদের সদস্য দেশগুলোর ফুটবল সংস্থাগুলো সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করেছে। এছাড়া বিশ্বের বিভিন্ন অঞ্চলের জাতীয় ফুটবল ফেডারেশন ও মহাদেশীয় কনফেডারেশনগুলোর অনেকেও এর বিরোধিতা করেছে।
বিবৃতিতে ফুটবলপ্রেমী, বিভিন্ন লিগ, ক্লাব, খেলোয়াড়, জাতীয় ফুটবল সংস্থা, কনফেডারেশন, রাজনৈতিক নেতা ও বিশ্লেষকদের ধন্যবাদ জানিয়ে উয়েফা বলেছে, তাদের সম্মিলিত অবস্থান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে স্পষ্ট বার্তা দিয়েছে—‘ফুটবল বিক্রির জন্য নয়।’
প্রস্তাবটি তৈরির প্রক্রিয়াকেও কঠোর ভাষায় সমালোচনা করেছে উয়েফা। সংস্থাটি জানায়, গোপনীয়তা, তড়িঘড়ি সিদ্ধান্ত এবং অজ্ঞাত ব্যক্তিদের উদ্যোগে ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণ করা গ্রহণযোগ্য নয়। এমন উদ্যোগের প্রকৃত উপকারিতাও প্রশ্নের মুখে।
উয়েফার অভিযোগ, ২০১৬ সালে ফিফা সভাপতির দায়িত্ব নেওয়ার সময় জিয়ান্নি ইনফান্তিনো যে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ফুটবলের উন্নয়নে ফিফার অর্থ ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাস্তবে তিনি তা পূরণ করতে পারেননি।
সংস্থাটি জানিয়েছে, আগামী দিনগুলোতে সদস্য দেশগুলোর ফুটবল সংস্থা ও অন্যান্য মহাদেশীয় কনফেডারেশনের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাব কীভাবে সামনে এলো, তা পর্যালোচনা করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপও নির্ধারণ করা হবে।
উয়েফার মতে, এই পর্যালোচনা হতে হবে বিস্তৃত ও মৌলিক, যেখানে কোনো সম্ভাব্য বিকল্পই আলোচনার বাইরে থাকবে না।
বিবৃতির শেষাংশে সংস্থাটি বলেছে, ‘এটি পুরো ফুটবল বিশ্বের জন্য একটি জয়। তবে এখানেই সব শেষ নয়। বিতর্কিত প্রস্তাবটি প্রত্যাহার হলেও ফিফার প্রতি হারানো আস্থা পুনর্গঠনের কাজ এখনই শুরু করতে হবে।’
সূত্র: আনাদোলু
এমএ//