ফিফা প্রধান ইনফান্তিনো এখন ঢাকায়
বিশ্ব ফুটবলের ব্যস্ত সূচির মাঝেই ঢাকায় ক্ষণিকের বিরতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। ভুটান সফরের পথে রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই প্রধান। অবস্থান স্বল্প সময়ের হলেও তার এই আগমন ঘিরে প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে যাত্রা করেছিলেন ইনফান্তিনো। তবে সরাসরি ফ্লাইট না থাকায় যাত্রাপথে ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নিতে হয়েছে তাকে। সেই সূত্রেই বাংলাদেশের মাটিতে কিছু সময়ের জন্য অবস্থান করছেন ফিফা সভাপতি।
ইনফান্তিনোর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিকে ঘিরে বাফুফের পরিকল্পনাও আগে থেকে সাজানো। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতির। সময়ের সীমাবদ্ধতার কারণে সফরটি সংক্ষিপ্ত হলেও ফিফার শীর্ষ কর্মকর্তার সঙ্গে এই সাক্ষাৎ বাংলাদেশের ফুটবল প্রশাসনের জন্য তাৎপর্যপূর্ণ।
এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের সময়ও ইনফান্তিনোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন তাবিথ আউয়াল। এবার ঢাকায় ফিফা সভাপতির যাত্রাবিরতিতে আবারও তাদের সাক্ষাতের সুযোগ তৈরি হয়েছে। বিশ্ব ফুটবলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রে এমন সাক্ষাৎ বাফুফের জন্য গুরুত্বপূর্ণ।
ভুটানের পথে ঢাকায় এই ক্ষণিকের অবস্থান কোনো আনুষ্ঠানিক সফর নয়, তবু ফিফা সভাপতির উপস্থিতি বাংলাদেশের ফুটবল অঙ্গনে বাড়তি আগ্রহ তৈরি করেছে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নির্ধারিত সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়েই শেষ হওয়ার কথা ইনফান্তিনোর এই সংক্ষিপ্ত ঢাকা-অধ্যায়।
এসি//