ফুটবল

চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা

 রোমান আব্রামোভিচের মালিকানাধীন আমলের  আর্থিক অনিয়ম ও নিয়ম ভঙ্গের দায়ে ইংলিশ ক্লাব চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। একই সঙ্গে ক্লাবটির ওপর দুই ট্রান্সফার উইন্ডোর জন্য খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা দেওয়া হলেও, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) এফএর এক বিবৃতিতে জানানো হয়, স্বাধীন নিয়ন্ত্রক কমিশনের শুনানিতে চেলসির বিরুদ্ধে আনা ৭৪টি অভিযোগই প্রমাণিত হয়েছে। এর আগে শাস্তি হিসেবে ছয় পয়েন্ট কাটার সিদ্ধান্ত এলেও আপিল বোর্ডের রায়ে তা বাতিল করা হয়। পয়েন্ট কাটাকুটির সেই শাস্তির পরিবর্তে এবার এই স্থগিত ট্রান্সফার নিষেধাজ্ঞা বহাল হলো।

মূলত ফুটবল এজেন্ট, মধ্যস্থতাকারী এবং খেলোয়াড়দের চুক্তিতে তৃতীয় পক্ষের বিনিয়োগসংক্রান্ত নিয়ম ভঙ্গের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়। ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে সংঘটিত এসব অনিয়মের সিংহভাগই ২০১০-১১ থেকে ২০১৫-১৬ মৌসুমের মধ্যে ঘটেছিল। তবে শুনানি শুরুর আগেই চেলসি ৭৪টি নিয়ম ভঙ্গের কথা স্বীকার করে নেয়।

২০২২ সালে ব্লুকো গ্রুপ ক্লাবটির নতুন মালিকানা নেওয়ার পর এই পুরোনো অনিয়মের বিষয়টি সামনে আসে। বর্তমান কতৃপক্ষ নিজেরাই বিষয়টি উদঘাটন করে এবং স্বচ্ছতার সঙ্গে প্রিমিয়ার লিগ, এফএ ও ইউয়েফাকে তা জানায়।

এক প্রতিক্রিয়ায় চেলসি জানিয়েছে, বিচারিক প্রক্রিয়া সফলভাবে সমাপ্ত হওয়ায় তারা সন্তুষ্ট। ক্লাবটির দাবি, শুরু থেকেই নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে তারা পূর্ণ সহযোগিতা করেছে এবং স্বেচ্ছায় হাজার হাজার নথি সরবরাহ করে সত্য প্রকাশে সহায়তা করেছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন