হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার
হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ায় জারি করা ১৪৪ ধারার আদেশ প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জ পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনশান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বশেষ প্রতিবেদনে পৌর এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক বলে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, বর্তমানে জনশান্তি, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটার মতো কোনো আশঙ্কা না থাকায় পূর্বে জারি করা ১৪৪ ধারার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল ও যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল জেলা প্রশাসন।
এর আগে মঙ্গলবারের সংঘর্ষের জেরে এনসিপি, ছাত্রদল ও যুবদলের ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে বুধবার সকাল থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করে হবিগঞ্জ শহরে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল ১০টার পর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক।
এ সময় শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি নিরাপত্তা জোরদারে দায়িত্ব পালন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তিন প্লাটুন।
বুধবার বিকেলে ১৪৪ ধারার নিষেধাজ্ঞা উপেক্ষা করে হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। তাদের গাড়িবহরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সারওয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এসি//