জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা কার্যক্রম নিয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন।

এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণের চেষ্টা করছে কি না, সেটি বাইরে থেকে জানার সুযোগ নেই। তবে সরকার এ বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

তিনি বলেন, একজন ব্যক্তি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও তিনি যদি বাংলাদেশের নাগরিক হন এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণের উদ্দেশ্যে দেশে ফিরতে চান, তাহলে তার সে অধিকার রয়েছে। তবে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করা হতে পারে।

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইন তার নিজস্ব গতিতেই চলবে। আইনের বাইরে গিয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে না। আইন যে ক্ষমতা দিয়েছে, সে ক্ষমতাই যথাযথভাবে প্রয়োগ করা হবে।

শেখ হাসিনার কাছে বর্তমানে পাসপোর্ট না থাকলে তিনি কীভাবে দেশে ফিরবেন— এমন প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, তিনি কীভাবে আসবেন, সেটি তার বিষয়। এটি সরকারের সমস্যা নয়। তবে তিনি বাংলাদেশের আওতায় প্রবেশ করার পর আইন যে ক্ষমতা দিয়েছে, তা প্রয়োগ করা হবে।

এ সময় রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করেন। আগামী জাতীয় সংসদের অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন হবে কি না, নাকি এ জন্য বিশেষ অধিবেশন আহ্বান করতে হবে— জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, বিষয়টি এখনো সরকারের আলোচনায় আসেনি।

তিনি বলেন, তিনি এর আগে সংবিধানের ব্যাখ্যা তুলে ধরেছিলেন। সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করার দিন থেকে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।

আইনমন্ত্রী আরও বলেন, বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজনীয়তা আপাতত তিনি দেখছেন না। কারণ, সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করতে হয়। এই সময়সীমা এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ৯০ দিনের সময়ের মধ্যে সামঞ্জস্য রয়েছে। তবে প্রয়োজন মনে করলে সরকার বিশেষ অধিবেশন আহ্বান করতে পারে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন