তিন দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্নের দাম
স্বর্ণের বাজারে মূল্য ওঠানামার ধারাবাহিকতায় আবারও বাড়ল গহনার দাম। কয়েক দিন আগেই মূল্য কমায় কিছুটা স্বস্তি ফিরলেও সেই স্থায়িত্ব বেশিক্ষণ টিকল না। মাত্র তিন দিনের ব্যবধানে আবারও মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি গহনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পাকা) স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
এর আগে গত ২৪ জুলাই ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছিল। তবে সেই মূল্যহ্রাসের তিন দিনের মাথায় আবারও বাড়ানো হলো স্বর্ণের দাম।
সংশোধিত মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি গহনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
শুধু স্বর্ণ নয়, বেড়েছে রুপার গহনার দামও। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৫৯ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ১৭৫ টাকা বাড়িয়ে হয়েছে ৪ হাজার ৪৪৯ টাকা। ১৮ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ১১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯০৭ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ১১৬ টাকা বাড়িয়ে হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা।
বাজুসের ঘোষণা অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দামে স্বর্ণ ও রুপার গহনা বিক্রি শুরু হয়েছে।
এসি//