দেশজুড়ে

খালের পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

ছবি: সংগৃহীত প্রতীকী ছবি

নওগাঁর বদলগাছী উপজেলায় খালের পানিতে ডুবে স্বামী-স্ত্রী দু’জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ ঘটনা ঘটে। 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তিরা হলেন মেহেরপুর জেলার বাসিন্দা নূর ইসলাম (৩৫) এবং তার স্ত্রী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের সুমাইয়া আক্তার (২৩)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয়মাস আগে নূর ইসলাম ও সুমাইয়া আক্তারের বিয়ে হয়েছিল। সুমাইয়া কার্তিকাহার গ্রামের বাসিন্দা। শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নূর ইসলাম। 

রোববার দুপুরে বাড়ির পাশের একটি বড় খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন নূর ইসলাম। এ সময় পাড়ে দাঁড়িয়ে ছিলেন তার স্ত্রী। এক পর্যায়ে নূর ইসলাম পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারের চেষ্টায় পানিতে নামেন সুমাইয়া। এরপর তিনিও নিখোঁজ হন। 

ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় আধাঘণ্টা পর নূর ইসলাম ও সুমাইয়া আক্তারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি জানান, স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

ওসি মোহাম্মদ রুহুল আমীন জানান, হাসপাতালেই দু’জনের মরদেহের সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তথ্যসূত্র: বাসস

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন