ঢাকায় সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট
রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট সৃষ্টি হয়েছে। এতে সিএনজিচালিত পরিবহন চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। কক্সবাজারে মহেশখালী গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে এই সংকট তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শনিবার (২৫ জুলাই) সকাল থেকেই রাজধানীর অনেক স্টেশনেই টাঙিয়ে রাখা হয়েছে ‘গ্যাস নাই’র সাইনবোর্ড। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে গ্যাসের দেখা পাচ্ছেন না।
অন্যদিকে যেসব পাম্প খোলা আছে, সেগুলোতেও গ্যাসের চাপ অত্যন্ত কম থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এই গ্যাস সংকটের কারণে তাদের স্বাভাবিক পেশাগত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা পাম্পে আটকে থাকায় দৈনিক ট্রিপের সংখ্যা কমে গেছে। যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে তাদের আয়ের ওপর।
এদিকে ফিলিং স্টেশনগুলোর সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই তারা চাহিদামতো গ্যাস পাচ্ছেন না। পর্যাপ্ত সরবরাহের অভাবে গ্রাহকদের নিয়মিত সেবা দেওয়া তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
আর/আই