গুরতর খাদ্য ঝুঁকির মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি
হরমুজ প্রণালিতে চলমান সংকটের কারণে সারের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে খাদ্য উৎপাদন বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটির আশঙ্কা, পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশে সারের সংকট দেখা দিতে পারে, যা খাদ্য নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডব্লিউএফপির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ব্যবহৃত ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হয়। বর্তমানে দেশে যে পরিমাণ ইউরিয়া মজুত রয়েছে, তা অক্টোবর পর্যন্ত চাহিদা পূরণের জন্য যথেষ্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে গেছে। একই সময়ে গ্যাস সংকটের কারণে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া সার কারখানার মধ্যে তিনটির উৎপাদন বন্ধ রয়েছে।
ডব্লিউএফপির মতে, সারের সরবরাহ ব্যাহত হলে এবং দেশীয় উৎপাদন স্বাভাবিক না থাকলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে দেশের খাদ্য নিরাপত্তার ওপর।
সংস্থাটির হিসাব অনুযায়ী, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বাংলাদেশে প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটের ঝুঁকিতে পড়তে পারেন।
এ কারণে খাদ্য উৎপাদন সচল রাখা, সারের সরবরাহ নিশ্চিত করা এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ডব্লিউএফপি।
এমএ//